জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির চতুর্থ মেধা তালিকা ও তৃতীয় মাইগ্রেশন লিস্ট প্রকাশ হয়েছে। চতুর্থ মেধা তালিকায় তিন ইউনিটে নতুন করে মোট ৪০৭ শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন।
বুধবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, চতুর্থ মেধা তালিকায় বিজ্ঞান বিভাগে ‘এ’ ইউনিটে ২৫৯ জন, মানবিক বিভাগে ‘বি’ ইউনিটে ১১৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ‘সি’ ইউনিটে ২৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
চতুর্থ মেধাতালিকায় সাবজেক্ট পেয়েছে এ ইউনিটে ২৩১৬ সিরিয়াল পর্যন্ত, বি ইউনিটে ১৪৪৫ পর্যন্ত, সি ইউনিটে ৭৯০ সিরিয়াল পর্যন্ত।
আইটি সেল সূত্রে জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনটি মেধাতালিকা শেষে ভর্তি সম্পন্ন করেছে ১ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। এখনো আসন খালি রয়েছে ১হাজার ১২৭ টি।
চতুর্থ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে ১০ ডিসেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। আর মূল কাগজপত্র জমা দিতে হবে ৮ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা/ সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও গুচ্ছের রোল নম্বর লিখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।
আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন ৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ের জমা আছে সেখানেই থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত তথ্যমতে চতুর্থ মেধাতালিকা থেকে ভর্তির কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে । চতুর্থ মেধাতালিকা হতে আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে GST গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে পছন্দমত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক প্রক্রিয় সম্পন্ন করতে হবে। অন্য বিশ্ববিদ্যালয় গুলিতে আর কখনও ভর্তির জন্য বিবেচিত হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) সম্পন্ন করলে পূর্বে বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।

