amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমিরের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ১৩, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

সোমবার (১২ ডিসেম্বর) গভীর রাতে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয় বলে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে দাবি করেছে জামায়াত। দলের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেটে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রেস বিজ্ঞপ্তির সত্যতা জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, তারা মালিবাগ রেলগেট থেকে একটি মিছিল বের করে আবুল হোটেলের দিকে চলে গেছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণা করার পরেই এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার অত্যন্ত ন্যক্কারজনকভাবে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে। আমরা এই গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমিরে জামায়াতের মুক্তির দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মূলত জনগণের ১০ দফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই আমিরে জামায়াতকে গ্রেফতার করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, সরকারের এই গ্রেফতার, হামলা-মামলা ও ভয়-ভীতি দেখিয়ে দেশের মানুষের মুক্তির জন্য চলমান এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।

তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে শুধু ডা. শফিকুর রহমানই বন্দী নয় বরং দেশের ২০ কোটি মানুষই শেখ হাসিনার কারাগারে বন্দী। ডা. শফিকুর রহমানকে মুক্তির মাধ্যমে আমরা সারাদেশের মানুষকে মুক্ত করবো ইনশাআল্লাহ। ১০ দফা দাবী আদায়ে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। আমরা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহ সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সকল নেতা কর্মীদের মুক্তির দাবী জানাচ্ছি। অন্যথায় রাজপথের যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড. হেলাল উদ্দিন, মু. দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মু. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, মোবারক হোসাইন, শেখ শরিফ উদ্দিন আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুল কাইউম মুরাদ, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি আরিফ হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুর রহমানসহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।