১৬ বছরের কম বয়সীদের অজান্তেই অপরাধে জড়িয়ে পড়ে এবং ভাল খারাপ বুঝার সক্ষমতা কম থাকায় তাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ব শিশু দিবস-২০২২ উপলক্ষে বিএসএমএমইউ’র পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের আয়োজনে ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শিশুরা একবারে মোবাইল ফোন আসক্তি কমাতে পারবে না। এজন্য তাদের দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা তবে একটানা আধাঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করা বা দেখা যাবে না। এটি করতে পারলে হয়তো সোশ্যাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজ থেকে রক্ষা পেতে পারে।’
তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট দফতর থেকে বেশি বেশি প্রচার করতে হবে, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক কোনো অ্যাবিউজ করলে তা ধরা যায়, ধরা পড়লে বিচার হবে। এটি প্রচার করতে পারলে শিশুদের ইন্টারনেট তথা সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ’র প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম ।

