amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পরিবার থেকে আইফোন কেনার টাকা না পেয়ে ‘অপহরণ নাটক’ কলেজছাত্রীর

অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবার থেকে দামি আইফোন কেনার টাকা না পেয়ে সহপাঠীদের নিয়ে অপহরণ ও ধর্ষণ নাটক সাজিয়েছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় রূপগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই কলেজছাত্রীর দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ওসি জানান, বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—মুড়াপাড়া কলেজের এক ছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। তার পরিবার থানায় একটি অপহরণের অভিযোগ দেয়। বিষয়টি আমলে নিয়ে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে তদন্তে বেরিয়ে আসে, ওই তরুণী বেশ কিছুদিন ধরে একটি দামি আইফোন কিনতে চাচ্ছিলেন। কিন্তু পরিবার টাকা না দেওয়ায় তিনি অপহরণ ও ধর্ষণ নাটকের পরিকল্পনা করেন। এতে সহায়তা করেন তার দুই সহপাঠী।

পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার (২২ জুলাই) সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ওই তরুণী। পরে তার সহপাঠী অপহরণকারী সেজে তরুণীর মাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরদিন বান্ধবীর বাসায় অবস্থান করছিলেন ওই তরুণী। টাকা না পেয়ে নাটকের অংশ হিসেবে তিনি তুষকা সিরাপ খেয়ে নিজেকে অচেতন দেখিয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন। পরে সহপাঠী তরুণীর মাকে ফোন দিয়ে বলেন, টাকা না দেওয়ায় মেয়েকে ফেলে গেলাম। এরপর পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জে পাঠায়।

ওসি তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কলেজছাত্রীর সহপাঠীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।