শুরুতে ছিলেন সাম্পাওলির সহকারী। এরপর আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। যাকে নিয়ে স্বয়ং ম্যারাডোনাও নাক ছিটকিয়েছিলেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত থেকে পাকাপাকি আলবিসেলেস্তেদের দায়িত্ব পান তিনি। সেই থেকে শুরু তার অধীনে কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর শিরোপা খরা ঘুঁচায় আর্জেন্টিনা। এক বছর পর আর্জেন্টিনা জেতে বিশ্বকাপও। এতে করে ৩৬ বছর পর বিশ্বকাপ না জেতার আক্ষেপটাও ঘুঁচায়।
সেই লিওনেল স্কালোনিকে এবার বর্ষসেরা কোচের সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস)। আর্জেন্টাইন এই কিংবদন্তি এখানে টেক্কা দিয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশম ও মরক্কোর ওয়ালিদ রেগরাগুইকে।
অফিসিয়াল ওয়েবসাইটে আইএফএফএইচএস স্কালোনি সম্পর্কে লিখেছে, ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর স্কালোনির দল জিতেছে লা ফিনালিসিমা ও বিশ্বকাপ।

