amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের কষ্টের টাকায় অসহায়দের মুখে হাসির ঝিলিক; বিতরণ করা হলো ঈদ উপহার

বিশেষ প্রতিবেদক:
মার্চ ১৮, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পূর্ব ভূজপুর মীরেরখীল প্রবাসী একতা সংঘের প্রবাসীরা। বিদেশে হাড়ভাঙা খাটুনি আর ত্যাগের বিনিময়ে উপার্জিত অর্থের একটি অংশ দিয়ে গ্রামের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তারা।

১৮ মার্চ (বুধবার) দুপুরে মীরেরখীল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৫ পরিবারের মাঝে নগদ অর্থের এই উপহার পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানের ব্যাপারে প্রবাসীরা জানান, “আমরা বিদেশে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠোর পরিশ্রম করি পরিবারের মুখে হাসি ফোটাতে। কিন্তু আমাদের গ্রামের প্রতিবেশী বা অসহায় মানুষগুলো যখন কষ্টে থাকে, তখন আমাদের ঈদের আনন্দ অপূর্ণ থেকে যায়। সেই তাড়না থেকেই নিজেদের কষ্টের টাকার কিছু অংশ দিয়ে এই ক্ষুদ্র আয়োজনের চেষ্টা করেছি।”

উপহার নিতে আসা বৃদ্ধা ফাতেমা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “ছেলের বয়সী বাবারা বিদেশে থেকে আমাদের কথা মনে রাখছে, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? আল্লায় তাদের ভালো করুক।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রবাসীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবান ও প্রবাসীরা এভাবে এগিয়ে আসলে কোনো মানুষই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না। ঈদ হোক সবার জন্য আনন্দময়—এই লক্ষ্যেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আজ বহু পরিবারের খুশির উৎস হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সহ অর্থ সম্পাদক মুহাম্মদ তানভীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্ব ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ ইউছুফ, ভূজপুর থানা প্রবাসী বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মোজাহের মিয়া, উপদেষ্টা ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ইব্রাহিম অর্থ সম্পাদক মাষ্টার মুহাম্মদ ইমরান। এতে আরও উপস্থিত ছিলেন  এলাকার প্রবীণ মুরুব্বি হাজ্বী সালেহ আহমদ, সহ সভাপতি মুহাম্মদ এয়াকুব, পৃষ্ঠপোষক মুহাম্মদ ওমর ফারুক, পৃষ্ঠপোষক মুহাম্মদ সেকান্দর প্রমূখ।

উল্লেখযোগ্য যে, প্রতি বছরই পূর্ব ভূজপুর মীরেরখীল প্রবাসী একতা সংঘের উদ্যোগে প্রবাসীদের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ পরিচালনা করা হয়, যা এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।