amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাসি নয়, কাবিলার কান্নায় ভাসল নেটদুনিয়া; আবেগঘন সমাপ্তি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৭ মাসের যাত্রা শেষে পর্দা নেমেছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর। বরাবরই হাস্যরস ও দুষ্টুমির নানা ঘটনায় দর্শকদের মাতিয়ে রাখা নাটকটির শেষ পর্বে তৈরি হয়েছে বিষাদের আবহ। পর্বে কাবিলার মা পলি চেয়ারম্যানের মৃত্যু এবং তার পরবর্তী কান্নার দৃশ্য দেখে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা।

​কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকে শুরু থেকেই প্রাণবন্ত, চটপটে ও দুষ্টু স্বভাবের চরিত্রে দেখা গেছে কাবিলাকে; যে চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। কিন্তু সিজন ৫-এর শেষ পর্বে এসে গল্পে বড় পরিবর্তন আসে। মাকে হারানোর শোকে কাবিলার কান্না ও বন্ধুদের প্রতি তার অসহায়ত্ব পর্দায় ফুটে ওঠে। এই দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে এবং অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েছেন।

​শেষ পর্ব প্রচারের পর থেকেই ফেসবুক ও ইউটিউবে দর্শকদের নানা মন্তব্য নজরে আসছে। জিয়াউল হক পলাশের অভিনয়ের প্রশংসা করে অনেকেই লিখেছেন, কাবিলার কান্না তাদের কাছে নিছক অভিনয় নয়, বরং বাস্তব জীবনের অনুভূতির মতো লেগেছে।

​একজন দর্শকের মন্তব্য ছিল এমন, ‘যাদের পাগলামিতে এত দিন প্রাণ খুলে হাসতাম, শেষ পর্বে তাদের এই অসহায়ত্ব ও কাবিলার কান্না বুকটা ফাঁকা করে দিয়েছে।’

​সব মিলিয়ে হাসি-আনন্দের চেনা আবহ পেরিয়ে এক আবেগঘন ও বিষাদমাখা সমাপ্তির মধ্য দিয়ে শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।