বিশ্বকাপের আর বাকি নেই দুই মাসও। তবে এখনো টিকিট ছাড়েনি আইসিসি। যদিও টিকিট ছাড়ার দিন ঘোষণা করেছে তারা। আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে টিকিট। সেজন্য ১৫ আগস্ট থেকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
২৫ আগস্ট থেকে ভারত বাদে সকল দলের প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে। ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে ধাপে ধাপে।
টিকিট ছাড়ার ঘোষণায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন বলেছেন, ২০২৩ সালের আইসিসি পুরুষ বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য ও আপডেটের জন্য সমর্থকেরা নিবন্ধন করতে পারবেন এ ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। পরিবর্তনের পর সূচি চূড়ান্ত হয়েছে, এখন সমর্থকেরা টিকিট কেনার অপেক্ষায় থাকতে পারবেন উচ্চমানের ক্রিকেট দেখতে। সব ভেন্যুতে যাতে আপনাদের আনন্দময় অভিজ্ঞতা হয়, সেটি নিশ্চিত করতে সব পদক্ষেপই নেবে বিসিসিআই।
আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি বলেন, এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থককে আমরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে অনুরোধ করব সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকেরা যাতে সেরা অভিজ্ঞতাটা পান, সেটি নিশ্চিত হবে।
এদিকে, আসরের শুরুর ১০০ দিন আগে সূচি ঘোষণা করে আইসিসি। কিন্তু গতকাল ৯টি ম্যাচের সুচিতে পরিবর্তন আনা হয়।
আইসিসির পূর্বের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর রোববার আহমেদাবাদে হওয়ার কথা ছিল। তা একদিন এগিয়ে ১৪ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে ভেন্যুতে পরিবর্তন আসবে না। এ ছাড়াও ভারতের সঙ্গে ১৪ অক্টোবরের ম্যাচের আগে পাকিস্তান দলকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিতে এগিয়ে আনা হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১০ অক্টোবর হবে ম্যাচটি।
এদিকে, বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও পরিবর্তন এনেছে আইসিসি। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। সাকিব-তামিমদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ১৩ অক্টোবর। বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচে দিনের পরিবর্তন না হলেও সময়ের পরিবর্তন করা হয়েছে। দিবারাত্রির ম্যাচটি এখন শুরু হবে সকালে। বাংলাদেশ স্থানীয় সময় ১১টায় শুরু হবে ম্যাচটি। আর অস্ট্রেলিয়ার সঙ্গে ১২ নভেম্বরের ম্যাচটি একদিন এগিয়ে অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। সেই খেলাটিও শুরু হবে সকাল ১১টায়।

