amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‘মেয়র নির্বাচনে প্রার্থী হতে চাই’, পূজামণ্ডপ পরিদর্শনে জেলা যুবদল নেতা নুরু উদ্দিন নুর

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ২০, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি পৌরসভার মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নুরু উদ্দিন নুরু। এ জন্য সনাতনী সম্প্রদায়সহ পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

গত ১৭, ১৮ ও ১৯ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ ইচ্ছার কথা জানান। এ সময় মন্দির নির্মাণ ও উন্নয়নকাজে আর্থিক অনুদানের আশ্বাস দেন এবং দুস্থ ও অসহায় সনাতনী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।

পরিদর্শনকালে দক্ষিণ রাঙ্গামাটিয়া কচুয়ারপাড় মন্দিরের নির্মাণকাজে ২০ হাজার টাকা এবং কর্ণফুলী চা বাগানের ১০ নম্বর প্লটের মন্দির নির্মাণকাজে আরও ২০ হাজার টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেন নুরু উদ্দিন নুরু। এ ছাড়া কোর্টেরপাড় মন্দিরের সীমানাপ্রাচীর নির্মাণ করে দেওয়া এবং কেন্দ্রীয় সেবাখোলা মন্দিরসহ তিনটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দেন। আগামী মাসের মধ্যেই এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান তিনি।

নুরু উদ্দিন নুরু বলেন, আগামীতে ফটিকছড়ি পৌরসভার মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। এ জন্য সনাতনী সম্প্রদায়সহ পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, যুবদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদ্‌যাপন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে সুন্দর ফটিকছড়ি গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রথমে পৌরসভার সেবাখোলা পূজামণ্ডপ ও রাধাকৃষ্ণ সেবাশ্রম মণ্ডপ, পরে পালপাড়া ও কচুয়ারপাড় পূজামণ্ডপ এবং সর্বশেষ কর্ণফুলী চা বাগানের ১০ নম্বর প্লটের পূজামণ্ডপে যান। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতনী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য চিত্তরঞ্জন বাবু, ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিন্টু নাথ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, হিন্দু বৌদ্ধ কল্যাণফ্রন্টের সদস্য বাসু নাথ, মোহাম্মদ সাইফু উদ্দিন মানিক, যুবদল নেতা মোহাম্মদ বাহাদুর, নুরুল আফছার ও আব্দুর রহিমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতনী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় পূজামণ্ডপগুলোতে দুস্থ ও অসহায় সনাতনী নারী, বিশেষ করে বয়স্কদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। নুরু উদ্দিন নুরু জানান, এলাকার হতদরিদ্র ও অসুস্থ মানুষের সেবায় তিনি বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করে আসছেন। আগামীতেও তার সহযোগিতা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।