amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত গড়লেন যুবদল নেতা নুরু

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ১৭, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে অবহেলিত ও কাদাযুক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে থাকা ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের ‘লেলাং টু ফেনুয়া’ সড়কটি অবশেষে সংস্কার হচ্ছে। তবে কোনো সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই সড়ক সংস্কারের অনন্য উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন নুরু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় একাকার হয়ে যেত, যার ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সড়কটি মেরামতের দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হচ্ছিল না।

এলাকাবাসীর এই চরম দুর্ভোগ দেখে এগিয়ে আসেন যুবদল নেতা মোহাম্মদ নুর উদ্দিন নুরু। প্রায় ৩০০ ফুট দীর্ঘ এই সড়কটির সংস্কার কাজে ব্যয় হচ্ছে প্রায় ৩ লাখ টাকা, যার সম্পূর্ণটাই তিনি নিজের তহবিল থেকে জোগাচ্ছেন। ইতোমধ্যে সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

এই মানবিক উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ নুর উদ্দিন নুরু বলেন, “জনগণের দুর্ভোগ দেখে ঘরে বসে থাকা সম্ভব নয়। এ সড়কটি মূলত চা বাগানের গাড়ি এবং ইটের গাড়ির জন্য নষ্ট হয়েছে। সরকারের বরাদ্দের আশায় থাকলে মানুষের কষ্ট আরও দীর্ঘ হতো। তাই ফটিকছড়ির সাধারণ মানুষের কল্যাণে এবং তাদের দুর্ভোগ কমাতে আমি নিজ উদ্যোগে এই রাস্তা সংস্কারের দায়িত্ব নিয়েছি। পর্যায়ক্রমে ফটিকছড়ির সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কাজ আমি অব্যাহত রাখব।”

এদিকে একজন রাজনৈতিক নেতার এমন জনকল্যাণমুখী ও ব্যতিক্রমী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও ফটিকছড়ির সর্বস্তরের জনগণ। তারা বলছেন, সাধারণ মানুষের কষ্ট অনুধাবন করে এভাবে নিজ খরচে রাস্তা মেরামত করা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।