amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তামিম

মুক্তকণ্ঠ স্পোর্টস ডেস্ক:
আগস্ট ৩, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল। মূলত ইনজুরিই অধিনায়কত্ব ছাড়ার কারণ বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তামিম।

নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম বলছেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পুরো ব্যাপারটা জানিয়েছি উনাকে। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছি।’

তামিমের অনুপস্থিতিতে ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক কে হবেন এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।’

অন্যদিকে, এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে তামিমকে দেখা যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছিলেন বাংলাদেশের এই দেশসেরা ওপেনার। যা নিয়ে সম্প্রতি তিনি যুক্তরাজ্যে একজন মেরুদন্ড বিশেষজ্ঞেরও শরণাপন্ন হয়েছিলেন। প্রথমে তার অস্ত্রোপচারের কথা থাকলেও, ৩-৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় ইনজেকশন নিয়ে খেলার সিদ্ধান্ত নেন তামিম। তবে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তিনি এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।