বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী, মহীয়সী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ( ৮ আগষ্ট) দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর নাম সংশোধন করে পরবর্তী সিন্ডিকেট সভায় ‘বঙ্গমাতা’ যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
তিনি আরো বলেন, এর আগের সিন্ডিকেট সভায় নাম সংশোধনের ব্যাপারে বাংলা বিভাগের অধ্যাপক ও আমাকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। আমরা পরবর্তী সিন্ডিকেট সভাতেই এটি সংশোধনের সুপারিশ করবো। বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামের পাশে বঙ্গমাতা পদবী বসানো অতীব জরুরি।
এসময় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড.কাজী নাসিরউদ্দীন, হাউজ টিউটরবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো: ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, এর আগে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বেগম মুজিবের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

