জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো অর্থনীতি বিভাগ আয়োজিত “প্রফেসর মুস্তাহিদুর রহমান স্মৃতি অন্তঃ ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৩” এর ফাইনাল। এতে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগের ৫১তম আবর্তন ও রানার আপ হয়েছে ৪৯তম আবর্তন।
গত ১০ই আগস্ট শুরু হওয়া রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ১৮ আগস্ট শুক্রবার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে । অর্থনীতি বিভাগের ৪৭ তম আবর্তন থেকে ৫১ তম আবর্তন পর্যন্ত মোট ৫টি দল এই টুর্নামেন্ট অংশ নেয়। অত্যন্ত প্রতিযোগিতামূলক গ্রুপ পর্ব শেষে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে গতবারের চ্যাম্পিয়ন ৪৯ তম আবর্তন এবং নবীন ৫১ তম আবর্তন। উত্তেজনাপূর্ণ এ খেলায় ৫১ তম আবর্তন ২-১ গোলে ৪৯ তম আবর্তনকে পরাজিত করে। অর্থনীতি বিভাগ প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে। গত বছর থেকে বিভাগের প্রয়াত শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মুস্তাহিদুর রহমান এর স্মরণে আয়োজনটি হয়ে আসছে। এই বছর টুর্নামেন্টটি আয়োজন করেছিল ৪৯ তম আবর্তন।
ম্যাচ শেষে ৪৯ তম আবর্তনের অধিনায়ক মোঃ আল মামুন বলেন,” অর্থনীতি বিভাগের শিক্ষকগণ এবং এ্যালামনাই সবসময় খেলাধুলা নিয়ে আগ্রহী। তাদের এবং আমাদের আগ্রহের জায়গা থেকেই অর্থনীতি বিভাগ প্রতিবছর একাধিক টুর্নামেন্ট আয়োজন করে থাকে, যার একটি ‘প্রফেসর মুস্তাহিদুর রহমান স্মৃতি অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট’। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা বিগত বছর থেকে এক প্রয়াত মহীরুহকে স্মরণ করে আসছি।”
ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় সভাপতি ড. খন্দকার আশরাফুল মুনিম। এসময় শিক্ষকমন্ডলীর মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক লায়লা হাসিন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক মোঃ রনি হোসেন, প্রভাষক ইশতিয়াক রায়হান শুভ, প্রভাষক এবং অর্থনীতি বিভাগের খেলাধুলা সমন্বয়ক কাউসার হোসেন সজীব। এছাড়া স্মৃতিচারণ ও পুরষ্কার বিতরণী পর্বে মুস্তাহিদুর রহমানের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্যারের মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান, অর্থনীতি বিভাগের ১৩ তম আবর্তনের ছাত্রী এবং স্যারের বোন নাসরিন আখতার, এবং স্যারের ছেলে আশফাকুর রহমান।

