চট্টগ্রামের ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মন্দির নির্মাণে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন নুরু এসব মানবিক ও ধর্মীয় সহায়তা প্রদান করেন।
গত রবিবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর পুণ্যলগ্নে ফটিকছড়ি পৌরসভার ৪টি পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এই অনুদান তুলে দেন।
সংশ্লিষ্টরা জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মণ্ডপগুলোর নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং চলমান অবকাঠামো সংস্কারের জন্য নির্মাণ সামগ্রী ও নগদ আর্থিক অনুদান দেওয়া হয়। সেই সাথে দুস্থ ও সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়।
পূজামণ্ডপ পরিদর্শন ও সামগ্রী বিতরণকালে মোহাম্মদ নুর উদ্দিন নুরুর সাথে আরও উপস্থিত ছিলেন- সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি মিন্টু নাথ, বাসু নাথ, এবং যুবদল ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ সাইফু উদ্দিন মানিক, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ বাহাদুর ও আব্দুর রহিম প্রমুখ।
এ সময় যুবদল নেতা নুরু বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ফটিকছড়িতে আমরা সবসময় সব ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকেছি। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।”

