ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। টাইগাররা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে।
১৮ ম্যাচ খেলে ১২ জয় তুলে নেয়া বাংলাদেশের বাকি রয়েছে এখনও দুইটি সিরিজ। তবে এর মধ্যেই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে তামিম-সাকিবদের।
আইসিসির ধরাবাঁধা সময় থেকে এই পর্যন্ত খেলা ছয় সিরিজের ১৮ ম্যাচ খেলে ১২টি জিতেছে তামিম ইকবালের দল। মোট পয়েন্ট ১২০। বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও স্বাগতিক ভারত।
মূলত, গতকাল রাতে আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার পরাজয়বরণ করায় সেটা নিশ্চিত হয়। যদিও পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ আগে থেকেই ছিল বেশ সুবিধাজনক অবস্থানে। আফগানদের জয়ে এবার ভারত বিশ্বকাপের টিকিট কনফার্ম করলো লাল-সবুজের প্রতিনিধিরা। আইসিসি সুপার লিগের সেরা আটের বাইরে থাকা পাঁচটি দলকে খেলতে হবে আইসিসির বাছাইপর্বের ম্যাচগুলোতে।

