রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ এই অভিযান চালায়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার মো. বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। পুলিশের দাবি, বাবুল আক্তার চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাবুল আক্তারের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

