চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে শারীরিক প্রতিবন্ধী যুবক মোঃ কোরবান আলীর পৈতৃক সম্পত্তি ও বসতভিটা জবরদখল এবং পরিবারের নারী সদস্যদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর আপন চাচা ফজলুল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় কাজিরহাটে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি এই অভিযোগ তুলে ধরে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কোরবান আলীর (পিতা: মৃত জমির উদ্দিন) বোন রিনা আক্তার (রুবিনা আক্তার) লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ২০০৪ সালে বাবা মারা যাওয়ার পর পরিবারে কোনো উপার্জনক্ষম পুরুষ সদস্য না থাকায় তাঁরা চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সুযোগে তাঁদের চাচা ফজলুল করিম বৃদ্ধ দাদা আব্দুর সবুরকে জিম্মি করে জালিয়াতির মাধ্যমে পরিবারের সমস্ত পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পরিবারটির পুরাতন বসতঘরটি ভেঙে যায়। পরে স্থানীয় বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় তাঁরা নতুন একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু ফজলুল করিম ও তাঁর সহযোগীরা পেশিশক্তির জোরে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং ইটের গাঁথুনি ভেঙে গুঁড়িয়ে দেয়। রিনা আক্তার দাবি করেন, প্রতিবাদ করায় চাচা ফজলুল করিম এ পর্যন্ত ২০ বারের বেশি তাঁর গায়ে হাত তুলেছেন এবং হত্যার উদ্দেশ্যে ইট নিক্ষেপ করেছেন। বর্তমানে পুরো পরিবারকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবন্ধী কোরবান আলীর মা মনোয়ারা বেগম বলেন, “আমার প্রতিবন্ধী ছেলের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। সামনে শীত আসছে, আমরা এখন কোথায় যাব? ফজলুল করিমের হুমকিতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযুক্ত ফজলুল করিমের ভাবি (কোরবান আলীর চাচি) বলেন, “আমার দেবর প্রতারণার আশ্রয় নিয়ে শ্বশুরের কাছ থেকে আমাদের সকলের সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। আমরা এই জুলুম ও প্রতারণার তীব্র নিন্দা জানাই।”
নিজের ছেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বৃদ্ধা দাদি শহর বানু বলেন, “আমার ছেলে ফজলুল করিম প্রতারণা করে সবার সম্পত্তি লিখে নিয়েছে। সে আমার অসহায় প্রতিবন্ধী নাতিকে সবকিছু থেকে বঞ্চিত করেছে এবং এখন তাকে থাকার জন্য একটি ঘরও বাঁধতে দিচ্ছে না। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং আমার নাতি ও বউমাদের পূর্ণ নিরাপত্তা চাই।”
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈতৃক সম্পত্তি উদ্ধারে ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, অসহায় ও প্রতিবন্ধী একটি পরিবারের ওপর এমন অমানবিক আচরণ ও সম্পত্তি দখলের ঘটনায় পুরো ভুজপুর এলাকায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত ফজলুল করিমকে আইনের আওতায় এনে অসহায় পরিবারটির ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ফজলুল করিম জেল হাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

