অভিনব কায়দায় ৬ হাজার পিস ইয়াবা পাচারকালে ১ জনকে গ্রেফতার করেছে জিএমপি’র বাসন থানা
গত শুক্রবার ১৬ ডিসেম্বর বিকাল ৫ ঘটিকার সময় বাসন থানার একটি আভিযানিক দল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম এর নের্তৃত্বে এসআই/মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বাসন থানাধীন নলজানী এলাকায় অবস্থান নেয়। তথ্য বিশ্লেষণ করে তল্লাশীকরে সন্ধ্যা ০৭.৪৫ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নলজানী রেডএক্স পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে আসা একটি কাঠের তৈরী ড্রেসিং টেবিলের ভিতরে বিশেষ কৌশলে তৈরী বক্সের মধ্য থেকে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদ মোহাম্মদ নোবেল নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের নিকট জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় সে দীর্ঘদিন যাবৎ কৌশলে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে। এসব মাদকদ্রব্য গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সে বিক্রয় করে।
সে আরো জানায় কক্সবাজার থেকে একজন রোহিঙ্গা তাকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কুরিয়ারের মাধ্যমে পাঠায়। সাইদ মোহাম্মদ নোবেলকে রোহিঙ্গা হিসাবে সন্দেহ করা হচ্ছে। এই কার্যে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে বাসন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা রুজু করা হয়েছে।

