সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে “আসুন এই রমজানে ১ টাকায় হাসি ছড়ায়”- উদ্যোগ গ্রহণ করেছে নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি।
এ উদ্যোগ বাস্তবায়নে সবার কাছে এক টাকা থেকে শুরু করে সামর্থ্যানুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
নটরডেমিয়ান সোসাইটি অব জবির আহ্বায়ক কমিটির প্রধান সদস্য ইয়াসিন আরাথ বলেন- মুসলিম উম্মার কাছে রমজান মাস সবচেয়ে পবিত্র ও রহমতের মাস। আর এই রহমতের মাসে আমরা প্রথম বারের মতো সমাজের অসহায়, দুস্থ, অনাথ ও এতিম মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, “প্রতি শুক্রবারকে সামনে রেখে ৩১শে মার্চ আমাদের প্রথম ইফতার বিতরণ শুরু হবে। ধারাবাহিকভাবে ০৭ ও ১৪ এপ্রিল ইফতার বিতরণ কার্যক্রম চলবে। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সদরঘাট, এই তিনটি পয়েন্ট থেকে ইফতার বিতরণ করা হবে।

