amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কমিটির মাধ্যমে নিয়োগ সিদ্ধান্তের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিনিধি:
আগস্ট ১০, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ-এর মাধ্যমে কেন্দ্রীয় সুপারিশে শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল রাখা এবং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা বজায় রাখার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতা প্রত্যাশীরা অংশ নেন।

​সোমবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায় মিছিলটি। এ সময় অংশগ্রহণকারীদের ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’ এবং ‘কমিটি পদ্ধতি মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

​সমাবেশে বক্তারা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে মেধা, যোগ্যতা ও পরীক্ষার ভিত্তিতে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এই পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে দিলে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ সৃষ্টি হবে যা শিক্ষার সামগ্রিক মান ও নিয়োগ ব্যবস্থার জবাবদিহিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

​শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আরও জানান, দেশের লাখ লাখ নিবন্ধনধারী পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এই মেধাভিত্তিক ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন। তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে যত বেশি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর রাখা যাবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। বিদ্যমান কাঠামোতে কোনো ধরনের পরিবর্তন আনার আগে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা জরুরি।

​সমাবেশ থেকে দ্রুত এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রেখে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।