amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট কে বিদায় বললেন তামিম

মুক্তকণ্ঠ স্পোর্টস ডেস্ক:
জুলাই ৬, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই)  দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি।

বুধবার গভীর রাতে টাইগার অধিনায়ক জানিয়েছিলেন আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করবেন তিনি। তবে সময় পিছিয়ে দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হয় সংবাদ সম্মেলন। সেসময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় এই টাইগার ওপেনার।

এসময় শুরু থেকেই দেখা যায় তার চোখে পানি। মিনিট দশেক পর কথা শুরু করেই তামিম জানান, গতকাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

আবেগ নিয়ন্ত্রণ করে তামিম বলেন, ‘আমি গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সবকিছু মিলিয়েই আমার এই সিদ্ধান্ত।’

তামিম আরও বলেন, ‘আমি সব সময় বলেছি ক্রিকেট খেলেই বাবার স্বপ্ন পূরণ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গিয়ে অনেক পরিস্থিতির মুখে পড়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট চাচার হাত ধরেই ক্রিকেটে এসেছি। যারা আমাকে এই পর্যায়ে আনতে ভূমকিা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রসঙ্গত, আফগানিস্তানের  বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে চট্টগ্রামে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে টাইগাররা। প্রথম ওয়ানডের আগে শতভাগ ফিট না হয়েই খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তামিম। পুরোপুরি ফিট না থাকায় ব্যাট হাতে মাত্র ১৩ রান করেই আউট হয়েছেন তিনি। এসব নিয়েই আলোচনা-সমালোচনায় সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন।

এর আগে, ২০২২ সালের জুলাইতে আকস্মিক ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন তামিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।