জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইউট্যাবেরর মহাসচিব ও
বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারার অধীনে শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্যাটাগরিতে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও সিন্ডিকেট সদস্য।
এদিকে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির দায়িত্ব পালন করছেন মোর্শেদ হাসান খানের । ৩ অক্টোবর ২০২৪ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তিনি সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোর্শেদ হাসান খান আগামী দুই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

