জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিনের খাবার পানির সংকট নিরসনে প্রায় তিন লাখ টাকা মূল্যের আধুনিক পানির ফিল্টার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফিল্টারটি প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি পরিশোধন করতে সক্ষম। আগামী দুই দিনের মধ্যে এর স্থাপনকাজ শেষ হওয়ার কথা রয়েছেে।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত খাবার পানির সংকট রয়েছে। শিক্ষার্থীদের পানির চাহিদা মেটাতে এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি ফিল্টার স্থাপন করা হলেও বিপুলসংখ্যক শিক্ষার্থীর তুলনায় সেটি পর্যাপ্ত ছিল না। এর মধ্যে ক্যাফেটেরিয়ায় থাকা পুরোনো ফিল্টারগুলোও অকেজো হয়ে পড়ায় পানির সংকট আরও তীব্র হয়।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পানির সমস্যা সমাধানে এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের বড় সক্ষমতার একটি আধুনিক পানির ফিল্টার দেওয়া হয়েছে। এটি প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি পরিশোধন করতে পারবে। ফিল্টারটি চালু হলে ক্যাফেটেরিয়ায় খাবার পানির সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় পানির সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আগে একটি ফিল্টার স্থাপন করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় একটি ফিল্টার যথেষ্ট ছিল না। এর পাশাপাশি ক্যাফেটেরিয়ায় থাকা পুরোনো ফিল্টারগুলোও অকেজো হয়ে পড়ায় শিক্ষার্থীদের পানির সমস্যা দিন দিন বাড়ছিল।’
তিনি বলেন, ‘এই সমস্যা সমাধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের একটি বড় সক্ষমতার ফিল্টার প্রদান করা হয়েছে। ফিল্টারটি প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি পরিশোধন করতে পারবে। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে ফিল্টারটির স্থাপনকাজ শেষ হবে। এটি চালু হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই দূর হবে, ইনশাআল্লাহ।’
রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবার পানির সংকট নিরসনে নতুন ব্যবস্থা যুক্ত হচ্ছে। ফিল্টারটি স্থাপনের পর এর মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী বিশুদ্ধ খাবার পানি পাওয়ার সুযোগ পাবেন।

