জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ‘ফিজিক্স ডিবেটিং ক্লাব’ (পিডিসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পিডিসি ১ম বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৬’। গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ৪১৪ নম্বর কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী ও ফিজিক্স ডিবেটিং ক্লাবের সহ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক রাকিব শিকদার (মো. রাকিবুল ইসলাম)-এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফাতেমাতুজ জুহুরা। ক্লাবের মডারেটর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মোমিন জরুরি প্রশাসনিক কাজের কারণে উপস্থিত থাকতে না পারলেও আয়োজনের সার্বিক সাফল্য কামনা করে শুভবার্তা পাঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত রুবেল ও অধ্যাপক ড. কুতুব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস ফিজিক্স ডিবেটিং ক্লাবের ইতিহাস তুলে ধরে বলেন, নানা প্রতিকূলতায় একসময় ক্লাবটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে কার্যক্রম শুরু হলেও আবারও কিছুটা নিষ্ক্রিয়তা দেখা দেয়। তবে বর্তমান সভাপতি ফাতেমাতুজ জুহুরা ও রাকিবদের সক্রিয় নেতৃত্বে ক্লাবটি নতুন প্রাণ ফিরে পেয়েছে।
তিনি বলেন, বিতর্ককে শুধু প্রচলিত সামাজিক বা রাজনৈতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্ল্যাকহোল, ক্লাসিক্যাল মেকানিক্স, আপেক্ষিকতা তত্ত্ব কিংবা বিজ্ঞানের বিভিন্ন অমীমাংসিত প্যারাডক্সের মতো বিষয় নিয়েও প্রাতিষ্ঠানিক বিতর্ক চর্চা করা যেতে পারে। এ ধরনের চর্চাই ফিজিক্স ডিবেটিং ক্লাবের অন্যতম শক্তির জায়গা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ড. আবুল হাসনাত রুবেল ও অধ্যাপক ড. কুতুব উদ্দিন বলেন, পদার্থবিজ্ঞান মূলত যুক্তি ও প্রমাণনির্ভর একটি বিষয়। ফলে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য যুক্তিচর্চা ও বিতর্ক অত্যন্ত প্রাসঙ্গিক। একইসঙ্গে মাসিক আয়োজনের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো বড় পরিসরে বার্ষিক কর্মশালার আয়োজন করায় ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন তারা। প্রতিবছর এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে একটি শক্তিশালী ঐতিহ্য বা ‘লেগেসি’ তৈরির আহ্বান জানান তারা।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) সাধারণ সম্পাদক ও নওয়াব ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রোকসানা মিতু এবং জেএনইউডিএস-এর অর্থ সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সভাপতি সাদিয়া আফরোজ মীম।
কর্মশালার প্রথম পর্বে রোকসানা মিতু বিতর্কের মৌলিক নিয়মাবলি, মোশন বিশ্লেষণ ও যুক্তি কাঠামো নিয়ে প্রশিক্ষণ দেন। দ্বিতীয় পর্বে সাদিয়া আফরোজ মীম সংসদীয় বিতর্কের কৌশল, খণ্ডন ও কার্যকর উপস্থাপনা শৈলী সম্পর্কে প্রশিক্ষণ দেন।
আয়োজনটি সফল করতে সার্বিক সমন্বয়ে কাজ করেন ক্লাবের অর্থ সম্পাদক মোছা. আইমুন আক্তার ছবি, সাংগঠনিক সম্পাদক শাহনাজ মুন্নী, নির্বাহী সদস্য মানিক হোসেন ও চয়নিকা দত্তসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। কর্মশালায় প্রচার সম্পাদক নিবিড় সারোয়ার ধ্রুব, তথ্য ও গবেষণা সম্পাদক আফাফ সিদ্দিকসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় পদার্থবিজ্ঞান বিভাগের পাশাপাশি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিংসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
অ্যাকাউন্টিং বিভাগের ২১তম আবর্তনের শিক্ষার্থী রাকিব হাসান রাহী বলেন, “ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী হলেও বিজ্ঞানের যুক্তিবাদী চিন্তাভাবনা এবং বিতর্কের গঠনমূলক কাঠামো শিখতেই এই সেশনে অংশ নিয়েছি। কর্মশালাটি প্রত্যাশার চেয়েও বেশি ফলপ্রসূ ছিল।”
পদার্থবিজ্ঞান বিভাগের ২১তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া আরাফাত বলেন, “ক্লাসরুমের বাইরে ফিজিক্সের জটিল বিষয়গুলোকে বিতর্কের কাঠামোগত যুক্তিতে শেখার এই অভিজ্ঞতা একেবারেই নতুন ও অনুপ্রেরণাদায়ক।”
কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। একইসঙ্গে প্রশিক্ষকদের ফিজিক্স ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।

