amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে দেউলিয়া ঘোষণা দেশটির প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ একটি সম্মেলনে বলেছেন, “দেশটি ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে।“

শিয়ালকোটে অনুষ্ঠিত এক সমাবর্তন অনুষ্ঠানে খাজা আসিফ এই বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, ‘পাকিস্তান ইতিমধ্যে ঋণখেলাপি হয়ে গেছে এবং আমরা এক দেউলিয়া দেশে বাস করছি। দেশের প্রায় সবাই এর জন্য দায়ী—ক্ষমতাচক্র, আমলাতন্ত্র, রাজনীতিবিদ—সবাই। এ সমস্যার সমাধান দেশের ভেতরেই আছে—আইএমএফের কাছে নয়।’

খাজা আসিফ আরও বলেছেন, “পাকিস্তানের দামি সরকারি জমিতে যে দুটি গলফ কোর্স আছে, সে দুটি বিক্রি করলে দেশটির এক-চতুর্থাংশ ঋণ পরিশোধ করা সম্ভব হবে। গত ৩৩ বছর ধরে আমি পাকিস্তানের সংসদ সদস্য, কিন্তু এর মধ্যে ৩২ বছর ধরেই রাজনীতির দুরাবস্থা দেখছি।

এ ছাড়া চলমান অর্থনৈতিক সংকট মেটাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি ব্যয় হ্রাস করে কৃচ্ছ্রসাধনের নীতি ঘোষণা করবেন বলে তিনি জানিয়েছেন।

ভয়াবহ আর্থিক সংকট মোকাবিলায় ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার। পাশাপাশি গত বুধবার প্রধানমন্ত্রী শাহবাজসহ পিএমএলের (এন) ১২ জন পূর্ণ মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকেই পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের দাম ২২ দশমিক ২০ রুপি বেড়ে হয়েছে ২৭২ রুপি, যা সর্বকালীন রেকর্ড।

চলতি সপ্তাহে পাকিস্তানের মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় উঠেছে—৩৮ দশমিক ৪২ শতাংশ। কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পাকিস্তান সরকার নানা চেষ্টা করে গেলেও সফলতা পাচ্ছে না। আইএমএফের শর্ত মেনে নতুন করারোপ ও পেট্রলের মূল্যবৃদ্ধির জেরে মূল্যস্ফীতির সূচক এতটা উঠেছে। আইএমএফের সঙ্গে ৭০০ কোটি ডলার ঋণ চুক্তির শর্ত হিসেবে পাকিস্তানকে এসব করতে হয়েছে। শর্ত পূরণ করে অবশ্য পাকিস্তান ১১০ কোটি ডলার ঋণ পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।