ব্যাটারিচালিত রিকশাচালকরা রাজধানীর মিরপুর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা এবং ভাঙচুর চালিয়েছে ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। রিকশাচালকরা বেশ কয়েকটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে চলাচল করতে দেখা যায়। এগুলো প্রধান সড়কে চলাচল করতে দেখলে আমরা সেগুলোকে জব্দ করে ডাম্পিংয়ে পাঠাই। শুক্রবারও সকালের দিকে মিরপুর পল্লবী এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।
খবর পেয়ে রিকশা চালকরা একত্রিত হয়ে এসে বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা চালায় উল্লেখ করে তিনি জানান, ভাঙচুরের শিকার হয় সাগুফতা ট্রাফিক পুলিশ বক্স, কালশি ট্রাফিক পুলিশ বক্স, মিরপুর ১২ নম্বর ট্রাফিক পুলিশ বক্স, অরিজিনাল ১০ ট্রাফিক পুলিশ বক্স ও মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশ বক্স।
এসময় আইডিয়াল কলেজের সামনে ডিউটি রত একজন ট্রাফিক কনস্টেবল এর উপর হামলা চালায় এবং একটি মোটরসাইকেল ও ভাঙচুর করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে। কারা এ ধরনের হামলার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে প্রশাসন।

