পুরো মার্চ মাস জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন সাকিব। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ২০২১এর জুলাই মাসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি প্রথমবারের মতো এই খেতাব জেতেন। ২০২১ সালের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি “প্লেয়ার অব দ্য মান্থ” জেতেন মুশফিকুর রহিম।
গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। যার নেপথ্যে ছিলেন সাকিব। দেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি।
সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ড দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। গত মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব।
সাকিব ছাড়াও মার্চ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডরে কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান। তবে তাদের টপকে সাকিবই অর্জন করেছেন মার্চ মাসের শ্রেষ্ঠত্ব।

