চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সরকারি সড়কের ২০টি বিভিন্ন প্রকার পুরনো গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কাজিবাড়ি মসজিদ কমিটির বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, ভূজপুর ইউপির ৯নং ওয়ার্ডের কাজিবাড়ি সড়কের দুই পাশে ২৫ থেকে ৩০ বছর আগে লাগানো হয় বিভিন্ন প্রজাতির গাছ। সে গাছ এখন আর নেই। মসজিদের উন্নয়নের জন্য এ গাছ গুলো বিক্রি করে দিয়েছে মসজিদ কমিটি। সরেজমিনে গিয়ে দেখা যায়- সড়কটিতে প্রায় ২০-২২ টি গাছের কাটা টুকরো রাস্তার ধারে পড়ে আছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজি মোহাম্মদ আলী বলেন- আমাদের পূর্বে মসজিদ কমিটিতে যারা দায়িত্বে ছিল তারাও গাছ কেটে বিক্রি করেছিল। আমরা দায়িত্ব নেয়ার পর মসজিদ সংস্কারের জন্য এ গাছ গুলো কেটে বিক্রি করেছি। কোন আত্মসাৎ করিনি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোছলেম উদ্দিন বলেন- এসিল্যান্ড স্যার নির্দেশ দিয়েছেন গাছ গুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসার জন্য। ঘটনাস্থলে গিয়ে সব গুলো গাছ পাওয়া যায়নি শুধু ৮-১০ টি গাছের টুকরো আছে সেখানে। যারা কেটেছে তাদের বলে এসেছি গাছ গুলো যাতে ইউনিয়ন পরিষদে বুঝিয়ে দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম বলেন- অভিযোগ পেয়ে গাছ গুলো জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

