চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি কর্ণফুলী চা বাগানের অভ্যন্তরে কুতুবছড়ি খালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
২৮ আগস্ট (শুক্রবার) সকাল ৬টায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম-এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ১১,৫০০ ঘনফুট বালু জব্দ (সিজ) করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই বালু স্পট নিলামের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিক্রি করে ৪৭,৫০০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে কর্ণফুলী চা বাগানের ভেতরের কুতুবছড়ি খাল থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে চা বাগান ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু স্থানান্তরের দীর্ঘ পাইপলাইন বিকল করে দেওয়া হয়।
একইদিন সন্ধ্যা ৬টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের জন্য রাখা সরঞ্জামাদি ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করেন ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, পরিবেশ ধ্বংসকারী ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

