চট্টগ্রামের ফটিকছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান বিভিন্ন সংকটের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলা সদর বিবিরহাটের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে এম এম শওকত আলী আযমী-কে সভাপতি এবং এম. তৌহিদুল আলম-কে সেক্রেটারি নির্বাচিত করে ফটিকছড়ি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জুলফিকার আলি মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা খালেদ সুলতানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাওলানা হুসাইন আহমেদ বখতপুরী, মাওলানা মনির হুসাইন, যুবনেতা মাওলানা মুছা, ইব্রাহিম খলিল, মুজাহিদ ইব্রাহিম ভূইয়া এবং ছাত্রনেতা সুলতান মাহমুদ ইরফান ও শাহ মুহাম্মদ ইসমাঈল প্রমুখ।
সম্মেলনে বক্তারা দেশে চলমান জ্বালানি সংকট, অতিরিক্ত লোডশেডিং এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে সৃষ্ট তীব্র জনদুর্ভোগের তীব্র প্রতিবাদ জানান। একই সাথে জনদুর্ভোগ লাঘবে এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে ফটিকছড়িতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

