amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে কৃষি ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ ও মেলা অনুষ্ঠিত, প্রণোদনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
জুন ২৭, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকারচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয় এবং ফটিকছড়িতে উৎপাদিত বিভিন্ন বৈচিত্র্যময় ফসলাদি নিয়ে এক আকর্ষনীয় প্রদর্শনীর আয়োজন করা হয়।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, “বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে আমাদের গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। ফটিকছড়ির কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কৃষকদেরকে পতিত জমিতে আধুনিক ও পুষ্টিকর ফসল চাষের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “কৃষকদের আধুনিক প্রশিক্ষণ ও প্রণোদনার মাধ্যমে স্বাবলম্বী করাই এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। প্রশাসন সবসময় কৃষকদের কল্যাণে পাশে রয়েছে।”

অনুষ্ঠানের স্বাগত বক্তা উপজেলা কৃষি অফিসার আবু সালেক প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, “পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকীকরণ, পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা।”

আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ফটিকছড়ির বিভিন্ন অঞ্চলে উৎপাদিত বিষমুক্ত ফলমূল, শাকসবজি ও উচ্চমূল্যের নতুন ফসলাদি প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, সারসহ বিভিন্ন কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রগতিশীল কৃষক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।