সারাদেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতেও সম্ভাব্য স্থানীয় পরিষদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পাড়া-মহল্লা ও চায়ের দোকানে এখন প্রধান আলোচনার বিষয়—কে হচ্ছেন আগামী দিনের জনপ্রতিনিধি এবং জনপ্রিয়তার দৌড়ে কে কার চেয়ে এগিয়ে আছেন। এই নির্বাচনী আমেজের মধ্যেই ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রস্তুতি শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় সুন্দরপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ হোসেনের উদ্যোগে স্থানীয় ভোটারদের নিয়ে এক বিশাল পরামর্শ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ আগস্ট রাতে সুন্দরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত তাঁর নিজ বাড়িতে এই ব্যতিক্রমী ও প্রাণবন্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত সাধারণ ভোটার উপস্থিত হয়ে আলহাজ্ব মোহাম্মদ হোসেনের প্রতি তাঁদের সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
উক্ত পরামর্শ সভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মোহাম্মদ হাসান, মোঃ আলম সওদাগর, মোঃ আলম, রহিম ডাক্তার, আবুল কালাম বাপ্পু, মোঃ হেলাল, খোরশেদ হাসান, বদি সওদাগর, গিয়াস উদ্দিন, বাবুল উদ্দিন, জনাব আবদুল মোতালেব, জনাব কামাল হোসেন, এইচ এম ইমরান বিন রশিদ এবং ওমর মেম্বার।
এছাড়াও সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা নেজাম উদ্দীন, বিএনপি নেতা সাজ্জাদ, ডঃ এখলাছ এবং মোরশেদ। বক্তারা আলহাজ্ব মোহাম্মদ হোসেনের সামাজিক ও শিক্ষামূলক অবদানের কথা তুলে ধরে আগামী নির্বাচনে তাঁর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ হোসেন দীর্ঘ দিন ধরে সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তিনি সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সফল ব্যবসায়ী হিসেবেও তাঁর সুনাম রয়েছে; তিনি তৈরি পোশাক খাতের সুপরিচিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ডেলমাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি)।
পরামর্শ সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “সুন্দরপুর ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যেই আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আপনাদের সুচিন্তিত মতামত ও দোয়াই আমার পথচলার মূল প্রেরণা।”
বৈঠকে আসা সাধারণ ভোটাররা জানান, মোহাম্মদ হোসেন একজন সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী মানুষ। করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরপুরের মানুষ একজন যোগ্য অভিভাবক হিসেবে তাঁকেই চেয়ারম্যান পদে দেখতে চায়। গভীর রাত পর্যন্ত চলা এই উঠান বৈঠকটি শেষ পর্যন্ত ফটিকছড়ির সুন্দরপুর অঞ্চলের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।

