বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে বন্যা ও দূর্যোগকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৭ ও ১৮ জুলাই তারিখে উপজেলার পূর্ব ভুজপুর, সুন্দরপুর ও বক্তপুর ইউনিয়নের মোট ১০০টি সুফলভোগী পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো ও সংস্থানমূলক খাদ্যদ্রব্য।
ত্রাণ বিতরণকালে সেনা কর্মকর্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গম অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে এবং আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এই সময়োপযোগী মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী সাধারণ মানুষ। তারা সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য লক্ষ্মীছড়ি জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

