amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুল উৎসব জেলা প্রশাসকের নান্দনিক মনের বহিঃপ্রকাশ – খোরশেদ আলম সুজন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফুল উৎসব চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর নান্দনিক মনের বহিঃপ্রকাশ বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৩ইং) সকালে দারুল উলুম কামিল মাদরাসা এবং হযরত শাহ্ছুফী মঈনুদ্দীন শাহ্ (রঃ) দাখিল মাদরাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে ফুল উৎসবে যোগদানকালে উক্ত মত প্রকাশ করেন তিনি। 

এসময় সুজন বলেন চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর। টিলা-পাহাড়, নদ-নদী ও সমুদ্রে ঘেরা চট্টগ্রাম জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই চট্টগ্রামকে প্রাচ্যের রাণীও বলা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে চট্টগ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বাণিজ্যিক আগ্রাসনে ক্ষতবিক্ষত। দিনে দুপুরে পাহাড় টিলা কেটে সাফ করে আবাসিক এবং বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। নগরীর পাহাড়, টিলার নীরব কান্না শোনার মতো কেউ নেই। সরকারি খালি জায়গাগুলো দখলদারদের রাজত্বে পরিণত হচ্ছে দিনের পর দিন। কোথাও সরকারি খাস জমি দখল করা হচ্ছে, কোথাও পুকুর বা বিল-ঝিল দখল করে দখলদারদের পকেট মোটাতাজা করা হচ্ছে। এসব দখলদারদের বিরুদ্ধে ত্রাস হিসেবে হাজির হয়েছেন চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। দায়িত্ব নেওয়ার সাথে সাথেই নগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের পাশে অভিযান চালিয়ে ১৯৪ একর সরকারি জায়গা উদ্ধার করেন তিনি। যেখানে আগে সন্ধ্যার পর মাদক এবং নানাবিধ অপরাধ কার্যক্রমের আসর বসতো। বর্তমানে সেখানে গড়ে তোলা ফুল বাগানে বর্ণিল ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী এই ফুল উৎসব দেখতে এবং মাদরাসার শিক্ষার্থীদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ দিতে এ আয়োজন করেন দারুল উলূম কামিল মাদরাসা এবং হযরত শাহ্ছুফী মঈনুদ্দীন শাহ্ (রঃ) দাখিল মাদরাসার গভর্ণিং বডির সভাপতি খোরশেদ আলম সুজন। বিআরটিসি’র দুটি দোতলা বাসে চড়ে শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে মাদরাসার প্রায় তিন শতাধিকেরও বেশি শিক্ষার্থী এ আনন্দ আয়োজনে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা সেখানে গোলাপ, জবা, গাঁদা, টিউলিপসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ দেখে আনন্দে আত্নহারা হয়ে উঠেন। পাশাপাশি বাগানের ভেতরে নানা স্থানে আঁকানো রঙিন আলপনা দেখে বিমোহিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। নিজেদের মতো করে সময় কাটাতে পেরে আনন্দে মেতে উঠেন তারা। এসময় সুজন আরো বলেন আমরা জেনেছি চট্টগ্রামের জেলা প্রশাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। সঙ্গত কারণেই চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন। তাই আমরা অনুরোধ করবো এ শহরকে আমরা শুধু বিত্তের শহর নয়, চিত্তের শহর হিসেবেও সাজাতে চাই। সেজন্য জেলা প্রশাসকের সকল প্রকার উদ্যোগের সাথে একাত্নতা প্রকাশ করেন নগর আওয়ামী লীগের এ সহ-সভাপতি। তিনি জেলা প্রশাসকের এ উদ্যোগের ভ‚য়সী প্রশংসা করে বলেন চট্টগ্রামের আরো বিশাল বিশাল জায়গা বাণিজ্যিক দস্যুরা দখল করে রেখেছে। যেখানে চাইলে আমাদের আগামী প্রজন্মের জন্য অনায়াসেই বিনোদন কেন্দ্র, খেলার মাঠ এবং পার্ক নির্মাণ করা যায়। তাই এদের কাছ থেকে এসব জায়গাগুলো উদ্ধার করে বিনোদন কেন্দ্র, খেলার মাঠ এবং পার্ক নির্মাণেরও অনুরোধ জানান তিনি। সুজন এসব দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসকের চলমান কার্যক্রমের গতি আরো বৃদ্ধি করার অনুরোধ জানান এবং চট্টগ্রামের সকল স্তরের মানুষ এ কার্যক্রমে সম্পৃক্ত থাকবে বলে আশ্বস্ত করেন।

এছাড়া পাহাড়লীতে ব্রিটিশদের নির্মিত হর্স শোর লেক (জোড় ডেবা) এবং ফয়েজ লেক থেকে ভাটিয়ারী পর্যন্ত আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র নির্মাণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেন। ব্যস্ততার ভিড়ে নগরবাসীর মাঝে একটুকু প্রশান্তির জন্য ফুল উৎসবটি বছরব্যাপী চালু রাখার জন্য জেলা প্রশাসকের প্রতি সবিনয় অনুরোধ জানান খোরশেদ আলম সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মও. আনোয়ার হোসাইন, মও. মো. ইউসুফ, মও. মো. ইসহাক, মও. মো. হারুন, রিদোয়ানুল হক, ফারজানা আকতার, আলী নেওয়াজ, নাছির উল্ল্যাহ, আবুল কালাম, হোসনে আরা, নিলুফার ইয়াসমিন, হোসনে আরা কেয়া, জাহেদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।