বগুড়ার টাইম স্কয়ার আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। ১০ জনের মাঝে ৭ জন নারী ও ৩ জন পুরুষ। বৃহস্পতিবার (০৯ই ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়া সদর থানার মাটিডালী বিমান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত নারীদের বাড়ি নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট, বাগেরহাট ও বগুড়া জেলায় এবং পুরুষদের বাড়ি বগুড়ায়। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এর মাধ্যমে পুলিশ খবর পায় বগুড়া সদর থানার মাটিডালী এলাকার একটি আবাসিক হোটেলে ‘অসামাজিক’ কাজ চালছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ জানান, জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে আমরা তাদের আটক করি। ‘গণ উপদ্রবের’ অভিযোগে তাদের আদালতে পাঠানো হবে।

