সায়মন সরওয়ার কায়েম কক্সবাজারঃ পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে জড়ো হয়েছেন বিপুল পর্যটক ও স্থানীয়। দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে পুরো সমুদ্র সৈকত।
বেড়াতে আসা পর্যটকরা সকাল থেকে সৈকতে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
এদিকে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, সমুদ্র সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না।
একইভাবে ইনডোর বা হোটেলেও অনুষ্ঠান সীমিত করা এবং প্রয়োজনে জেলা প্রশাসনের অনুমতি নিতে বলা হয়েছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার রাখবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

