ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ক্যারিয়ার ক্লাব কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত “স্পার্ক ট্যাঙ্ক’২৪” এর ফাইনাল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (১৫ই নভেম্বর, ২০২৪) সকাল ৮ ঘটিকায় নিটার কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনালের আয়োজন করা হয়।
নিটার ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত স্পার্ক ট্যাঙ্ক’২৪ ছিলো একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, যেখানে ৬৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। ফাইনালের জন্য প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সেগমেন্টে সর্বমোট প্রায় ৭৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলো।
প্রতিযোগীরা আজ (১৫ই নভেম্বর, ২০২৪ইং) সকাল সাড়ে আটটা নাগাদ ক্যাম্পাসে আসতে শুরু করেন। এর মাঝে সকালের নাস্তা পরিবেশনের পর সকাল দশটায় শুরু হয় ফাইনাল রাউন্ড। বেলা সাড়ে বারোটা পর্যন্ত প্রতিযোগিতা হয় এবং এরপর নামাজ ও দুপুরের খাবার বিরতি দেওয়া হয়।
আজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চিফ গেস্ট হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর চেয়ারম্যান জনাব শওকত আজিজ রাসেল। প্রতিযোগিতায় দিকনির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো শাহরিয়ার সবুক্তাগিন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নিজেদের মূল্যবান বক্তব্যে মতামত দিয়েছেন হামিম গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান উম্মে আফিয়া আক্তার, এবং যমুনা গ্রুপের কর্মকর্তা আব্দুল হাকিমসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির কর্মকর্তারা।
দুপুর দুইটায় ফটোগ্রাফিক এক্সিবিশন অনুষ্ঠিত হয়। এছাড়াও নিটারের শিক্ষার্থীদের করা ডিজাইনে ফ্যাশন শো সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সর্বশেষ বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে বিকেল ৫ টায় অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ৬০ হাজার টাকার প্রাইজমানি।
স্পার্ক ট্যাঙ্ক’২৪ প্রতিযোগিতার ফাইনালে নিউজ পার্টনার হিসেবে ছিলো নিটার সাংবাদিক সমিতি (নিসাস) এবং অ্যাসোসিয়েট এন্ড ফটোগ্রাফিক পার্টনার হিসেবে ছিলো নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি। প্রতিযোগিতার শেষে পুরষ্কার বিতরণ পর্বে ক্লাব পার্টনারসহ সকল সহযোগী সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বেশ আগ্রহ এবং উৎসাহ দেখিয়েছে। এরূপ আরো বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিবে বলে সকলে আশাবাদী।

