অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ রোববার (১৩ নভেম্বর) মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান। টসে জিতে ইংলিশ অধিনায়ক বাটলার বাবরদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল। ব্যাটিংয়ে নেমে সব ওভার খেলে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৩৭ রান। ইংলিশদের জিততে হলে নিতে হতো ১৩৮ রান। পাকিস্তানের দেওয়া লক্ষ্য পূরণে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।
মেলবোর্নে এদিন আগে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি। বাবর এবং শান মাসুদ ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই ৩০ রানের বেশি করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শান। বাবরের ব্যাট থেকে আসে ৩২ রান।
এছাড়াও শাদাব খান করেন ২০ এবং রিজওয়ানের ব্যাট থেকে আসে ১৫ রান। ইংলিশদের পক্ষে স্যাম কারেন ১২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। এছাড়াও ক্রিস জর্দান এবং আদিল রশিদ নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির বলে মাত্র ১ রান করে বোল্ড হয়ে যান অ্যালেক্স হেলস।
তবে দ্বিতীয় ওভারেই নাসিম শাহকে তিন বাউন্ডারি মেরে সেই চাপ সামাল দেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারপর ৪ উইকেট হারাতে হয়েছে ইংলিশদের, কিন্তু মনে হয়েছে জয়ের লক্ষ্যেই এগোচ্ছে তারা। অবশেষে ১ ওভার বাকি থাকিতেই মেলে জয়ের দেখা।
এর আগে ইংল্যান্ড ২০১০ সালের বিশ্বকাপে শিরোপা জিতেছিল। আর পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৯ আসরের চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা উঁচিয়ে ধরার আরেকটি সুযোগ পেয়েছিল বাবর আজমের দল। কিন্তু আর হলো না

