amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভোগান্তির চরম সীমায় ফটিকছড়ির লেলাং-কাঞ্চননগর ফেনুয়া বিল সড়ক, কাদায় আটকে যাচ্ছে যানবাহন

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং থেকে কাঞ্চননগর ফেনুয়া বিল সড়কটির (৬নং কাঞ্চননগর)’র এখন বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে হাঁটু সমান কাদা। ফলে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় কয়েক হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বেশিরভাগ অংশই কাঁচা মাটির রাস্তা। কোনো কোনো জায়গায় আগে ব্রিক সলিন (ইটের সলিং) করা হলেও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ইটের জোড়াতালি ভেঙে কাদার সাথে মিশে গিয়ে রাস্তাটি এখন এক একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

বর্তমানে এই সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। নিত্যপ্রয়োজনীয় কাজে কিংবা জরুরি চিকিৎসার জন্য কোনো গাড়ি প্রবেশ করলেই তা গভীর কাদায় আটকে যাচ্ছে। নিরুপায় হয়ে যাত্রীদের দূরের কোন রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

সড়কের এই দুরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেনুয়া বিল এলাকার স্থানীয় বাসিন্দা ইয়াকুব মিয়া বলেন, “৬নং কাঞ্চননগর ফেনুয়া বিল এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়কটি। কিন্তু বর্তমানে সড়কটির যে অবস্থা, তাতে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে। ব্রিক সলিনের ইটগুলো উঠে গিয়ে কাদার ভেতর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ কাদা মাড়িয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত আছাড় খাচ্ছেন।”

নিত্যদিনের এই ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী গৃহিণী জেসমিন আরা বলেন, “বাজারঘাট করা বা ছেলেমেয়েদের স্কুলে পাঠানো এখন একটা শাস্তি হয়ে দাঁড়িয়েছে। কোনো জরুরি রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো উপায় এই রাস্তায় নেই। কাদার কারণে কোনো গাড়ি এই গ্রামে ঢুকতে চায় না, আর ঢুকলেও তা আটকে যায়।”

সিএনজিচালিত অটোরিকশা চালক আহমদ হোসেন জানান, এই সড়কে গাড়ি চালানো এখন চরম ঝুঁকিপূর্ণ। কাদা আর ভাঙা ইটের কারণে একটু অসাবধান হলেই গাড়ি উল্টে যায় বা কাদায় দেবে যায়। দীর্ঘক্ষণ চাকা আটকে থাকায় ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। অনতিবিলম্বে সড়কটি পুনর্নির্মাণ বা কার্পেটিংয়ের ব্যবস্থা না করা হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

ভুগান্তি নিরসনে এবং জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।