বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার সম্পদ নিয়ে সম্প্রতি মিডিয়া পাড়ায় বেশ আলোচনা হচ্ছে। সমালোচকদের উদ্দেশ্য করে গতকাল সব কিছু পরিষ্কার করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। আজ ১লা নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আরো কিছু কথা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন তিনি তা সরাসরি উল্লেখ করা হলো “ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য সাংবাদকর্মীরে সঙ্গে মিশেছি, তাদেরকে কাছ থেকে দেখেছি। এমন অনেক সাংবাদিক আছেন, ক্রিকেট তাদের কাছে শুধু পেশাই নয়, আরও বেশি কিছু। অনেক সীমাবদ্ধতা, ক্যারিয়ার নিয়ে অনেক অনিশ্চয়তা মধ্যেও অনেকেই অনেক কষ্ট করে কাজ করে যান ক্রিকেট খেলাকে ভালোবেসে, দেশের ক্রিকেটকে ভালোবেসে। তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা সবসময়ই ছিল, আছে ও থাকবে।
আমাকে নিয়ে প্রকাশিত খবরটির জন্য এখানে দুঃখপ্রকাশ করা হয়েছে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তবে সব মিডিয়ারই বোঝা উচিত, আমাদের পরিবার আছে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আছে, সামাজিক মর্যাদা ও আত্মমর্যাদা আছে। স্পর্শকাতর কোনো খবর প্রকাশের আগে তাই যতটা সম্ভব নিশ্চিত হওয়া উচিত।
আর আমার বিরোধী মতের যে ভাইরা মনে করছেন, এসব উড়ো খবরকে পুঁজি করে আমার সম্মানহানি করবেন, তাদেরকে বলব, আপনারা কেবল সময় নষ্টই করছেন। রাজনীতির এই বিশাল জগতে মাশরাফি তুচ্ছ ও নগন্য একজন। আমার দল এত ঐতিহ্যবাহী এবং এতটা বড়, সেখানে আমি খুবই ক্ষুদ্র ও সামান্য একজন। আমার মতো একজনের পিছু লেগে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা। আমি আমার পথেই থাকব। আপনারা নিজেদের পথটা খুঁজতে থাকুন!”

