সাকিব-লিটনকে রেখেই অবশেষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিবকে অধিনায়ক, আর লিটনকে রাখা হয়েছে সহ অধিনায়ক হিসেবে । এছাড়া এই টেস্টে ফিরেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
আয়ারল্যান্ড-বাংলাদেশের মধ্যকার টেস্টে ছুটি নিয়ে আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল সাকিব-লিটনের। সেসব নিয়ে কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছিল। কিন্তু সেটা আর হয়নি। আপাতত দেশেই থাকছেন তারা।
আয়ারল্যান্ড সিরিজের ঠিক আগে চোটে পড়েন জাকির হোসেন। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও খেলতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো এই উদ্বোধনী ব্যাটার নেই টেস্টেও।
তার বদলে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। সর্বশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন জয়। সাদমান জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ২০২২ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এছাড়া চোটের কারণে সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট দলে না থাকা তামিম ইকবালও ফিরেছেন এবার। তামিম ছাড়াও স্কোয়াডে সুযোগ মিলেছে এবাদত হোসেন ও শরিফুল হকের। বাদ পড়েছেন ইয়াসির আলী, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও নুরুল হাসান সোহান।
প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে সিরিজের একমাত্র টেস্ট। সাদা পোশাকে দুই দলের প্রথম মুখোমুখি লড়াইও এটা। খেলা হবে মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

