amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৫ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হবে- এমপি সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ৫, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফটিকছড়িতে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। ফটিকছড়ি এবং নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ যৌথ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “ফটিকছড়ি সবসময়ই অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য চারণভূমি। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসবগুলো উদযাপন করে আসছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজাও যাতে ফটিকছড়ি এবং ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি মণ্ডপে সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আমাদের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, “পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং স্বেচ্ছাসেবক দল গঠনসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত সম্পন্ন করা হবে। কেউ যাতে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য পুলিশ ও প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফটিকছড়িতে ধর্মীয় সম্প্রীতি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম প্রতিটি মণ্ডপের পূজা উদযাপন কমিটিকে প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার এবং যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান।
উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ এবং ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।