চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে মঈন উদ্দিন জমিদার বাড়ি সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় মঈন উদ্দিন জমিদাত বাড়ি প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের পরিচালক এবং আমেরিকা প্রবাসী মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুহাম্মদ আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী। মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী মুহাম্মদ বাহাদুর আলম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কাতার প্রবাসী মুহাম্মদ এমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কাতার প্রবাসী মুহাম্মদ ইরফান উদ্দীন।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা হাফেজ মুহাম্মদ হাসান উদ্দীন হোসাইন আজাহারী এবং মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকী সহ স্থানীয় ও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।
সম্মেলনে বক্তারা পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ দৈনন্দিন জীবনে অনুসরণের আহ্বান জানান। মাহফিলে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। পরিশেষে সালাত-সালাম ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

