বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে চায় দলটি। এজন্য মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৮ জুলাই) করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। নতুন এ সিদ্ধান্তের কথা ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে মৌখিকভাবে জানানো হয়েছে।
বুধবার (২৬ জুলাই) রাত ৯টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলেনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, পুলিশের আপত্তির কারণে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দুপুর ২টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
ফখরুল আরো বলেন, দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ২৭ জুলাই রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা গত ২৩ জুলাই ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্ম দিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে। যদিও ইতিপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে এবং কর্ম দিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটি বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠক থেকে ডিএমপি কমিশনারকে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। কর্মদিবসে সমাবেশ নিয়ে পুলিশের আপত্তি থাকায় বিএনপি শুক্রবার সমাবেশ করতে রাজি আছে বলে পুলিশকে জানায়। পুলিশ বিএনপিকে জানিয়েছে, তারা বৈঠক করে বিএনপিকে তাদের সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, আওয়ামী সরকারের পদত্যাগের জন্য এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছিল বিএনপি।
তবে ডিএমপি রাজধানীর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, গোলাপবাগ মাঠে বিএনপিকে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

