amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাঁস-মুরগী-ছাগলের সঙ্গে শিয়ালের বসবাস!

রিপন মিয়া::
আগস্ট ৫, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

আমরা জানি শিয়াল খুবই চালাক প্রাণী। আবার গ্রামে-গঞ্জে হাঁস-মুরগির প্রধান শত্রু বলা হয়ে থাকে পণ্ডিত মহাশয় শিয়ালকে। তারা ভয়ে থাকে কখন শিয়াল এসে তাদেরকে নিয়ে যায়। সুযোগ পেলেই জীবন নাশ করে দেয় এই শিয়াল। বাংলায় জনপ্রিয় প্রবাদও রয়েছে, ‘শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া।’ তবে প্রবাদের ব্যতিক্রমও যে ঘটে তা দেখা গেল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের নয়নকান্দি গ্রামে। হাঁস-মুরগি ও শেয়াল একই পাত্রে খাচ্ছে, থাকছে একই বাড়িতে। এমনকি রাতে একই ঘরে নিরভাবনায় কাটছে তাদের।

বিষয়টি শুনতে বা ভাবতে অবাক লাগলেও বাস্তবে শেয়াল-মুরগির দোস্তি দেখতে উপজেলার নয়নকান্দি গ্রামে ভিড় করছে উৎসুক জনতা।

শিয়ালের মালিক আজিজুল হকের স্ত্রী সুমা আক্তার জানান, হাঁস-মুরগি ও লালু (শেয়াল) এক পাত্রে খাবার খায়। পশু-পাখির সঙ্গে সে থাকে। শিয়ালটি তাদের কোনো ক্ষতি করে না।

খোঁজ নিয়া দেখা যায়, লালু বাড়ির পাশে একটি টিলার ওপর বসে আছে। আর উঠানে ছাগল, হাঁস, মুরগি ঘুরছে-ফিরছে। দেখে মনে হচ্ছিল তারা যেন একই পরিবারের সদস্য।

সুমা আক্তার বলেন, দেড় বছর আগে তার স্বামী আজিজুল হক নাজিরপুর ইউনিয়নের লোহারগাও এলাকায় কাজে যান। সেখানের একটি জলাশয়ে মাছ ধরছিলেন কয়েকজন আদিবাসী নারী। তারা দেখেন পাশের একটি জঙ্গলে তিনটি শিয়ালের বাচ্চা ঘুরছে। পরে তারা বাচ্চাগুলোকে উদ্ধার করেন। এর মধ্যে থেকে একটি বাচ্চা বাড়ি নিয়ে আসেন আজিজুল। তখন বাচ্চাটির বয়স প্রায় তিন মাস। বোতলে করে দুধ খাওয়ানো হতো লালুকে। পরে শিয়ালটিকে মানুষের খাবার খাওয়ানো হয়। তাতে সে অভ্যস্ত হয়ে ওঠে। বর্তমানে লালুর বয়স প্রায় দুই বছর। হাঁস-মুরগির খাবার সে খায়। সারাদিন উঠানে ঘুরে বেড়ায়। রাতে পশু-পাখির সঙ্গে একই ঘরে সে থাকে।

তিনি আরও বলেন, যেখানে শিয়াল বিভিন্ন প্রাণীকে খেয়ে ফেলার কথা সেখানে এই শিয়াল পাহারাদার হিসাবে কাজ করছে। অন্য কোন শিয়াল তাদেরকে আক্রমণ করতে পারে না। ফলে আমার হাঁস মুরগীর সংখ্যা আগের চেয়ে অনেক বেশি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আনোয়ার পারভেজ বলেন, ‘আমরা জানি শিয়াল হচ্ছে মাংসাশী প্রাণী। যেসব প্রাণীর জলাতঙ্ক বা জীবাণু বহন করে তাদের মধ্যে শেয়াল অন্যতম। সেক্ষেত্রে জলাতঙ্ক টিকা শিয়াল ও পালনকারী দুজনকেই নেওয়া উচিত। আর শিয়ালের প্রধান খাবার প্রাণীর মাংস, খরগোশ, ইঁদুর, টিকটিকি, মুরগি, হাঁস, ইত্যাদি। তাই সবাইকে সাবধানে থাকার পরামর্শ ও দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।