amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

১৫ আগস্টে হত্যায় নেতৃত্ব দানকারীদের মুখোশ উন্মোচন করা জরুরি

মোশাহিদ আনছারী
আগস্ট ১৫, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. ছাদেকুল আরেফিন বলেন, ১৫ আগস্টে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সপরিবারকে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে ঠিকই কিন্তু হত্যায় নেতৃত্ব দানকারী সেই সকল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা আমাদের জন্য জরুরি। বঙ্গবন্ধু বাঙালীর অবিসংবাদিত নেতা, মহানায়ক এবং বঙ্গবন্ধু বাঙালী জাতির ঐক্যের প্রতীক।

তিনি আরো বলেন, সকলের এখন একটাই দাবি হওয়া উচিত ১৫ আগস্ট এর হত্যাকান্ড এবং এর পূর্বাপর সকল ষড়যন্ত্রের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা। আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা। জাতীয় শোক দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, সিন্ডিকেট সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর কায়ছার, প্রক্টর ড. খোরশেদ আলম, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানজীন হোসেন এবং গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি শাহাজাদা খান। ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উলক্ষে সকাল ৯ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সকাল সাড়ে ৯টায় ৬ দফা বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন গ্রেড ১১-১৬,গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বিভিন্ন বিভাগসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয় ।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ইতোপূর্বে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধুর লেখক সত্তা’ শিরোনামে রচনা প্রতিযোগিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এদিন কুরআন খতম, মসজিদ-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের উদ্যোগে রাত ৮ টায় আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।