চট্টগ্রামের হাটহাজারীতে ওয়ারিশসনদ নিতে টাকা দাবির অভিযোগ উঠেছে রাসেল মনি বাহাদুর নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
রবিবার (২৬ নভেম্বর) উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর এনিয়ে লিখিত অভিযোগ করেন মোঃ ফোরকান নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মনি বাহাদুর ভোক্তভোগী ফোরকানকে প্রায় একমাস ধরে তার ওয়ারিশ সনদে স্বাক্ষর না দিয়ে নানা অজুহাতে ঘুরাচ্ছেন। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ইউপি সদস্য তার কাছ থেকে এই ওয়ারিশ সনদে স্বাক্ষর দিতে নগদ ৫০০০/- টাকা দাবি করেন। তিনি ঐ টাকা দিতে না পারায় তাকে স্বাক্ষর দিচ্ছেন না বলে অভিযোগ করেন ভোক্তভোগী ফোরকান। এবিষয়ে তিনি উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ তার।
অভিযোগের বিষয়ে ঐ ইউপি সদস্য বলেন, উনি তার মা-বাবার মৃত্যু সনদ দেখাতে ব্যর্থ হয়েছেন এবং অন্যান্যদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিতে ব্যর্থ হয়েছেন। সে কারণে তাকে স্বাক্ষর দেওয়া হয়নি। টাকা নেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে জানান ইউপি সদস্য বাহাদুর।
উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন এ বিষয়ে মুঠোফোনে প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি জানি। ইউপি সদস্য কোনো টাকা দাবি করেনি। অভিযোগকারী ফোরকানকের কাছে বেশ কিছু কাগজপত্র না থাকায় ওয়ারিশ সনদ দেওয়া যায়নি।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং একজনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

