দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত কয়েকজন বৃদ্ধ নারী- পুরুষ।গত ৭ জানুয়ারি দুপুর ১২টা ২৭ মিনিট, লাঠির উপর ভর করে ভোটকেন্দ্র থেকে বের হচ্ছিলেন বয়সের ভারে নুয়ে পড়া ১০৫ বছর বয়সী রাণী প্রভা তালুকদার। বের হয়ে তিনি বলছিলেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
ডাবুয়া ইউনিয়নের তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এমন মন্তব্য করেন এই প্রবীণ ভোটার। পশ্চিম ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হুইলচেয়ার বসে ভোট দিতে আসেন প্রতিবন্ধী বাবলা বড়ুয়া।পাহাড়তলী ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে দু’পুত্র বধূর হাত ধরে ভোট দিতে আসেন ১০৫ বছর বয়সী বৃদ্ধ রহিমা বেগম। রাউজান পৌর ৯নম্বর ওয়ার্ডের মহিলা মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে, ১১০ বছর বয়সী আব্দুল ওহাব। তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব আনন্দিত। অন্যদিকে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা কলেজ কেন্দ্রে ও পৌর ৭নং ওয়ার্ডে বেশ কয়েকজন প্রবণী ব্যক্তি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া বিভিন্নকেন্দ্রে শারীরিক প্রতিবন্ধীরা ভোট প্রয়োগ করতে কেন্দ্রে ছুটে যান। পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে আনন্দে উদ্বেলিত হন তারা। ১০৫ বছর বয়সী রাণী প্রভা তালুকদার বলেন, শেষ বয়সে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুব ভালো লাগছে। একজন নাগরিক হিসেবে দেশ পরিচালনায় অংশগ্রহণকারীদের ভোট দেওয়ার আনন্দই আলাদা।

