পুরান ঢাকায় অবস্থিত বেদখলকৃত সকল হল উদ্ধারে প্রয়োজনে ছাত্রদলের নেতারা রক্ত দিতেও প্রস্তুত জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এই ঘোষণা দেন।
এ সময় অধিকার আদায়ের আন্দোলনে দলমত নির্বিশেষে সকল সাধারণ শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনটি
সংবাদ সম্মেলনে প্রশাসনকে আইনি নথিপত্র খতিয়ে দেখার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, “প্রশাসন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেট জানাতে ব্যর্থ হয় বা সোজা আঙুলে ঘি না ওঠে, তবে ছাত্রদল সকল স্টেকহোল্ডার ও শিক্ষার্থীদের নিয়ে অধিকার আদায়ে কঠোর আন্দোলনে যাবে। প্রয়োজনে ছাত্রদলের নেতারা প্রথমে রক্ত দিতেও প্রস্তুত।” অতীতে অন্যান্য সংগঠন আন্দোলন থেকে পিছিয়ে গেলেও ছাত্রদল মাঠে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইতোমধ্যে ছাত্রদলের নেতৃবৃন্দ আব্দুর রহমান হল এবং নজরুল ইসলাম হল সশরীরে পরিদর্শন করেছেন। তারা স্থানীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ভিসি, ডিসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনি প্রক্রিয়ায় হল উদ্ধারের প্রস্তাবনা দিয়েছেন।q

