জমকালো আয়োজন আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হলো উত্তর পাইন্দং ডলু বিডি এফসি কর্তৃক আয়োজিত ‘মরহুম আহমেদ হোসেন মেম্বার ও মরহুম আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। আজ ২৯ মে (শুক্রবার) উপজেলার পাইন্দং ইউনিয়নের স্থানীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পাইন্দং ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মানিক হোসেন। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন।
টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী সুন্দরপুর ফুটবল একাদশ বনাম কাঞ্চননগর ফুটবল একাদশ। টানটান উত্তেজনাকর এই ম্যাচে কাঞ্চননগর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুন্দরপুর ফুটবল একাদশ। দলের পক্ষে একমাত্র জয়সূচক বিজয়ী গোলটি করেন তারকা খেলোয়াড় মোহাম্মদ মাসুদ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে সুন্দরপুর।
ব্যবসায়ী মোহাম্মদ নাজিমের সভাপতিতত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন- ফটিকছড়ি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: জাহেদুল হাসান চৌধুরী। উদ্বোধক ছিলেন- মো: ইরফান উদ্দিন। প্রধান আলোচক ছিলেন- মোহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- মোহাম্মদ মাহমুদুল হক সওদাগর, মোহাম্মদ আহমদ রশিদ, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আজম সওদাগর, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ শাহরুফ খান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও সমাজসেবক মোহাম্মদ মানিক হোসেন উত্তর পাইন্দং ডলু বিডি এফসি-র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পাইন্দং ইউনিয়নের যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং শারীরিক-মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি এলাকার তরুণ ও যুবকদের মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং মরহুম আহমেদ হোসেন মেম্বার ও মরহুম আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
টুর্নামেন্টটিকে সফলভাবে সম্পন্ন করতে যিনি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক অবদান রেখেছেন এবং যারা মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, উত্তর পাইন্দং ডলু বিডি এফসি-র পক্ষ থেকে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ভবিষ্যতে এলাকার ক্রীড়ামোদী মানুষের জন্য আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

